ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : কাদের

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে প্রতিযোগিতার জন্য তো বিএনপিরও অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু মাহবুব তালুকদার তো নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি।


আওয়ামী লীগের এ নেতা বলেন, মাহবুব তালুকদার নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেছেন। অথচ এই করোনার মধ্যেও সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় ৬৯ শতাংশ।


মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে কাদের বলেন, তা না হলে মাহবুব তালুকদার একটি দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের বক্তব্য কীভাবে দেন?


তিনি বলেন, করোনার স্থবিরতা কাটিয়ে জনজীবনে গতি ফিরতে শুরু করেছে। এ সময়ে আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। আর দেশ যখনই এগিয়ে যায় বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায়। তারা চায় দেশকে অস্থিতিশীল করে তুলতে। আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে।


সরকার নাকি মানুষের আশা-আকাঙ্ক্ষাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি আরও বলেন, আসলে বিএনপিই মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনো মূল্য দেয়নি। মানুষের মনে আশা জাগিয়েছে— দেশের লাখ লাখ তরুণ প্রাণে স্বপ্ন জাগিয়েছে শেখ হাসিনা সরকার। আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে।

ads
ads
ads

Our Facebook Page

↑